আলোচিত দৌলত মেম্বার হত্যা মামলার আসামী আনসার আলীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জে আলোচিত দৌলত মেম্বার হত্যা মামলার আসামী আনসার আলীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর হোসেন’র আদালত এ আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন, দৌলত হত্যা মামলায় অভিযুক্ত আনসার আলীকে সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর হোসেন’র আদালতে হাজির করা হয়। এসময় বিচারকের কাছে সিআইডি ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গত ১৮ মার্চ শুক্রবার রাতে মাতাল অবস্থায় নগরীর ২ নং রেল গেইট এলাকায় হট্টগোল সৃষ্টি করলে জনতার হাতে গণধোলাইর শিকার হয় আনসার আলী। এসময় পুলিশ এসে তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এসময় তার পরিচয় জানার পর পুলিশ বুঝতে পারে সে দৌলত হত্যা মামলার আসামী, তাই চিকিৎসা শেষে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন রাতে গোগনগর এলাকায় দৌলত মেম্বারকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসাপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দৌলত মেম্বারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দৌলত মেম্বারের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।যার মামলা নং ৩০, তারিখ ২৭/০৬/২২।


