বাসদ কুতুবপুর ইউনিয়ন কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি প্রদানকারী সরকার দলীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস ও সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য এক বিবৃতিতে বলেন, বাসদ কুতুবপুর ইউনিয়ন কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি প্রদানকারী সরকার দলীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৯ ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ৬ টায় ফতুল্লা থানার দক্ষিন রসুলপুর এলাকায় অবস্থিত বাসদ কতুবপুর ইউনিয়ন কার্যালয়ে সরকার দলীয় ১৪-১৫ জন সন্ত্রাসী প্রবেশ করে। অফিসে উপস্থিত নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। সন্ত্রাসীরা এই সময়ে অনুপস্থিত বাসদ ফতুল্লার থানার সদস্য সচিব ও কুতুবপুর ইউনিয়নের আহ্বায়ক এসএম কাদিরকে খোঁজাখুঁজি করে এবং বলে এই আফিস থেকে সরকার বিরোধী আন্দোলন পরিচালনা করা হয় এবং অফিস বন্ধ করে দিতে হবে। অফিস বন্ধ না করলে এসএম কাদিরকে খুন করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। সন্ত্রাসীরা আজ সকালেও বাসদ নেতা এসএম কাদিরের বাসার সামনে ও দলীয় কার্যালয়ের সামনে তার অনুপস্থিতিতে ভয়ভীতিসহ হুমকি প্রদান করে। এ বিষয়ে আজ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। ডায়েরী নাম্বার হলো ৮০৭।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান গণবিচ্ছিন্ন সরকার দমনপীড়ন চালিয়ে বিরোধী আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপর সরকার দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে এবং অফিস বন্ধ করার হুমকি দিয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে বাসদ নেতাকে হত্যার হুমকি প্রদানকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

