শেরপুরের শ্রীবরদীতে হত্যার হুমকির আইনী সহায়তা পেতে সাংবাদিক সম্মেলন
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে আমন ধান কাটতে বাঁধা, গরু, ঘর- বাড়ি, ঘরের জিনিসপত্র লুটপাট, বাগানের গাছপালা কেটে নেওয়ার বিচার ও হত্যার হুমকির আইনী সহায়তা পেতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে উপজেলার হালুহাটি গ্রামের কালি বাড়ি মোড়ে ভুক্তভোগি পরিবার এ সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগি পরিবারের পক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন ওই পরিবারের সদস্য গোলাম মোস্তফা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৩ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংঘর্ষে শেখবর আলী আহত হয়ে মৃত্যুবরণ করে। এঘটনায় মামলা হলে আমি ও আমার পরিবারের সকল সদস্য পলাতক থাকাবস্থায় আমাদের পরিবারের সকল সম্পদ, ঘরের ইট খুলে নিয়ে নিশ্চিহ্ন করেছে। শুধু তাই নয় অনবরত মিথ্যা মামলা ও হত্যার হুমকি দিয়ে এলাকা ছাড়া করে আমন ধান কেটে নেওয়ার পায়তারা করতেছে। আমরা এলাকা ছাড়া হলে মিষ্টার আলী গংরা আমার অপর দুই ভাই সাইফুল ইসলাম ও জাকির হোসেন জিকুর ৩টি হাফ বিল্ডিং ভেঙ্গে নিয়ে গেছে। এছাড়া, ঘরে থাকা নগদ টাকা, ধানচাল, স্বর্ণালংকার, ৪১টি গরু ও ১২ একর জমির বাগানের বিভিন্ন প্রজাতির কাঠ গাছ কেটে নিয়েছে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি আপনাদের কাছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করার আবেদন জানাচ্ছি।
এব্যাপারে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সাথে কথা হলে তিনি জানান, এনিয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে। ধান কাটার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

