নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
করোনা মহামারি স্বাস্থ্যবিধির উপর নজর রেখে টানা ২ বছর পর এবার নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো কুমারী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে এ কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
এবার রামকৃষ্ণ মিশনে কুমারী ছিলেন নাসিক ১৪নং ওয়ার্ডের দেওভোগ এলাকার কাশ্যপ গোত্রের দিপংঙ্কর চক্রবর্তী ও শম্পা রাণী চক্রবর্তীর ৭ বছরের কন্যা মিষ্টু চক্রবর্তী। কুমারী দেবী মিষ্টু চক্রবর্তী দেওভোগ ভূইঁয়ারবাগ এলাকর বিদ্যা নিকেতন হাই স্কুলের ১ম শ্রেনীর ছাত্রী। ঢাকঢোল ও শঙ্খ বাজিয়ে অঞ্জলি দিয়ে আনুষ্ঠানিকভাবে কুমারী দেবীকে বরণ করেন ভক্তরা, এরপর দেবীর কাছে সবাই প্রার্থনা করেন। কুমারী পূজা পরিচালনা করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ।
তিনি বলেন, স্বামী বিবেকানন্দ শারদীয় দুর্গোৎসবে কুমারী পূজার প্রচলন শুরু করেন। দেবীকে জাগতিকভাবে পূজা করতে শত বছর ধরে এ কুমারী পূজা পালন করা হচ্ছে। সনাতন ধর্মের নিয়ম অনুসারে দেবীকে শিশুরূপে মায়ের আসনে পূজা করা হয়।
কুমারী পূজায় আসা পূজারি ও ভক্তবৃন্দরা জানান, গত দুই বছর যাবৎ করোনা মহামারীর কারনে নারায়ণগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত হয়নি। এবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমারী পূজা উদযাপনের উদ্যোগ নেওয়া হলেও বৈরী আবহাওয়ার কারনে সেটা সম্ভব হয়নি। আমরা এজন্যই মায়ের পূজো করি যেন আমাদের সমাজ, সংসার এবং দাম্পত্য জীবন সুন্দর ও হাসিখুশি ভাবে কাটে।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ও আমলাপাড়া সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, দেওভোগ নাগ মহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান প্রমুখ।

