নানা আয়োজনে সাধু নাগ মহাশয়ের ১৭৬ তম জন্মোৎসব পালিত
নিজস্ব প্রতিনিধি: সাধক পুরুষ সাধু নাগ মহাশয়ের ১৭৬ তম জন্মোৎসব পালিত হয়েছে। বুধবার (২৪ আগষ্ট) দেওভোগ নাগ মহাশয়ের আশ্রমে নানা অনুষ্ঠানের মাধ্যমে এ জন্মোৎসব পালন করা হয়। সাধু নাগ মহাশয়ের ভক্তবৃন্দরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এদিন সকালে নাগ মহাশয়ের জন্মোৎসব উপলক্ষে শহরে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেওভোগ নাগ মহাশয়ের আশ্রমে গিয়ে শেষ হয়।
বিকালে আশ্রম প্রাঙ্গণে গীতা পাঠ, সাধু নাগ মহাশয়ের জীবনী নিয়ে আলোচনা, শিশুদের কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ চলে নানা আয়োজন। অনুষ্ঠানের মাঝপথে সাধু নাগ মহাশয়ের জীবনীসহ নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারন সম্পাদক শ্রী তারাপদ আচার্য্য। তিনি বলেন, আগামী দিনে এ আশ্রমে ঢেউ আসছে। উন্নয়নের ঢেউ। মাননীয় মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী এ আশ্রমে উন্নয়নের ঢেউ দিবেন। আশা করছি, খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে। এর আগে সাধু নাগ মহাশয়ের সমাধীস্থল সংস্কারের জন্য আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে বলেছিলাম। তিনি আমার কথা শোনার সাথে সাথে সেই সমাধীস্থলে টাইলস্ বসানোসহ ব্যাপক উন্নয়ন করে দিয়েছেন। এতে আমরা সাধু নাগ মহাশয়ের ভক্তবৃন্দরা অনেক খুশি হয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, সত্যজিত পাল সাধু, শ্যামল দত্ত, প্রাণ বল্লব দাস, তপন গোপ, গোবিন্দ ঘোষ প্রমূখ।
এছাড়াও সাধু নাগ মহাশয়ের জন্মোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা অর্চণা, প্রদ্বিপ প্রজ্জ্বলন, যজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হয়।

