ডিপি ওয়ার্ল্ড ও অসম মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি- কমরেড বজলুর রশিদের
Jahid
প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন /
০ Views

প্রেস বিজ্ঞপ্তি :
অসম মার্কিন বাণিজ্য চুক্তি ও নিউমুরিং কন্টেইনার পোর্ট ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়ার চুক্তি বাতিল এবং ঢাকায় সাম্রাজ্যবাদ বিরোধী জোটের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিকাল ৪ টায় ফতুল্লার রেল লাইন বটতলায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ। আরও বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলায়মান দেওয়ান, বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টন ।
বজলুর রশিদ ফিরোজ বলেন, লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেয়ার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সবার আগে বাংলাদেশ শ্লোগান দিয়ে বাংলাদেশের স্বার্থ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকার নৌবাহিনীর চুক্তি থাকায় আমাদের দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্যও এটি মারাত্মক হুমকি। পরিচালনার নামে বিদেশি কোম্পানির হাতে কর্তৃত্ব তুলে দিতেই সরকার চুক্তি করছে।
ফিরোজ বন্দর ইজারা চুক্তির এইদিনকে কালো দিন হিসেবে উল্লেখ করেন ইনভেস্ট বাংলাদেশ ভবনকে ‘কাশিম বাজার কুটি’ হিসেবে উল্লেখ করেন এবং বন্দর ইজারা চুক্তির হোতা কুখ্যাত আশিক চৌধুরীসহ চুক্তির হোতাদেরকে ’৭১-এর যুদ্ধাপরাধীদের মতোই সার্বভৌমত্ব বিরোধী হিসেবে চিহ্নিত করে বলেন, জনগণ এইসব দেশদ্রোহিদের বিচার একদিন বাংলার মাটিতে করবেই।
নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ সমাবেশের সময় সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করে। এতে জোটের সমন্বয়ক বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ ৩০ জন নেতাকর্মী আহত হয়। নেতৃবৃন্দ সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বন্দর ইজারা চুক্তি থেকে সরে না আসলে বন্দর শ্রমিক, বন্দর ব্যবহারকারী ও সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও জনগণের সাথে আলোচনা করে প্রয়োজনে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী প্রদান করেন। ।মার্কিনের সাথে অসম বাণিজ্য ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবিতে আগামী ৩০ অক্টোবর ’২৬ শুক্রবার ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ সফল করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :