হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ


Jahid প্রকাশের সময় : Jul ২৯, ২০২৬, ১১:১১ অপরাহ্ন / ০ Views
হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ

খবর নারায়ণগঞ্জ.কম: হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী।

বুধবার (২৯ জুলাই) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার প্রতিবাদে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

শওকত আলী বলেন, হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, “এই আগুন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে আপনারা ছারখার হয়ে যাবেন।”

তিনি অভিযোগ করেন, প্রশাসনকে আবারও দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সরকার তা বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও দাবি করেন তিনি।

হবিগঞ্জের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে শওকত আলী বলেন, বিরোধী কর্মসূচি ঠেকাতে আগের মতোই ১৪৪ ধারা জারি করা হচ্ছে। লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললেই বিরোধীদের ওপর হামলা ও মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, “যত হামলা, মামলা ও দমন-পীড়নই করা হোক, আন্দোলন থামানো যাবে না। অতীতে ১৭ বছর দমন-পীড়নের পরও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালাতে হয়েছিল। সরকার যদি একই পথে হাঁটে, তাহলে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, সদস্য সচিব তানজিম জুবায়ের, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জহিরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।