

খবর নারায়ণগঞ্জ.কম:
“কাবিং করবো, সুন্দর জীবন গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৫ম কাব ক্যাম্পুরী-২০২৬ এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. রায়হান কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনুর খান, জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলা স্কাউট কমিশনার ফজলুল হক ভূঁইয়া মন্টুসহ স্কাউটের অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “কাব স্কাউটিং শিশুদের জীবনে শৃঙ্খলা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বীজ বপন করে। ‘কাবিং করবো, সুন্দর জীবন গড়বো’ এই প্রতিপাদ্য শুধু স্লোগান নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর জীবন গড়ার অঙ্গীকার। আজকের এই কাব শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে। তাদের হাত ধরেই একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক সমাজ প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা আত্মনির্ভরশীল, পরোপকারী ও নেতৃত্বের গুণাবলী অর্জন করে। জেলা প্রশাসন সবসময় স্কাউট আন্দোলনের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
মহা তাঁবু জলসায় কাব শিশুদের অংশগ্রহণে নাচ, গান, অভিনয় ও স্কাউটের নিজস্ব ঐতিহ্যবাহী ডিসপ্লে উপস্থিত সকলকে মুগ্ধ করে।
৫ দিন ব্যাপী নারায়ণগঞ্জ সদর উপজেলার ৫ ম উপজেলা কাব ক্যাম্পুরীর ক্যাম্প চীফ হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলা স্কাউটস কমিশনার মোঃ ফজলুল হক ভূঁইয়া মন্টু।
আপনার মতামত লিখুন :