

খবর নারায়ণগঞ্জ.কম :
“কুমিল্লা ও মেঘনা ইকনোমিক জোন সংযোগ সড়ক নির্মানের নিমিত্ত” অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে ডিসি’র সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।
সভায় কুমিল্লা ইকোনমিক জোন সংযোগ সড়ক (এন-১১৭) এবং মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক (এন-১১৬) নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে মোগড়াপাড়া-আনন্দবাজার জেলা মহাসড়ক (জেড-১০৮৯) এবং আনন্দবাজার, বারদী ও তালতলা জেলা মহাসড়ক (জেড-১০৬৭) যথাযথ মান ও প্রয়োজনীয় প্রশস্ততায় উন্নীত করার বিষয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, মোগড়াপাড়া ও আনন্দবাজার হয়ে মেঘনা ইকোনমিক জোন পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, এ অঞ্চলের শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ, পণ্য পরিবহন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। তাই পরিবেশগত বিষয় বিবেচনায় রেখে দ্রুততার সঙ্গে মানসম্মত সড়ক নির্মাণ করতে হবে।
সভায় অংশীজনরা প্রকল্প বাস্তবায়ন, সড়কের মানোন্নয়ন, পরিবেশগত সুরক্ষা এবং জনভোগান্তি কমিয়ে কীভাবে প্রকল্প বাস্তবায়ন করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভার আলোচনা ও অংশীজনদের মতামতের আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, মেঘনা গ্রুপের প্রতিনিধিবৃন্দ, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য অংশীজন।
আপনার মতামত লিখুন :