

খবর নারায়ণগঞ্জ
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ ও অগ্নিযুগের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪ তম আত্মাহুতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম-এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পন করা হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তারের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুইটি বেগম।
নেতৃবৃন্দ বলেন, ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সফল সশস্ত্র অভিযানের নেতৃত্ব দিয়ে প্রীতিলতা প্রমাণ করেছিলেন যে নারীরা কেবল গৃহকোণে আবদ্ধ থাকার জড়বস্তু নয়, বরং দেশের মুক্তি ও যেকোনো বীরত্বপূর্ণ লড়াইয়ে নেতৃত্ব দিতে সক্ষম। ব্রিটিশদের বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মাত্র ২১ বছর বয়সে পটাশিয়াম সায়ানাইড খেয়ে দেশের জন্য আত্মাহুতি দেন।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রীতিলতা যে শোষণমুক্ত, স্বাধীন ও সমতাভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলেন, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আজও নারীকে দেখা হয় ভোগের সামগ্রী হিসেবে। পুঁজিবাদী ও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার কারণে বর্তমান সমাজেও ঘরে-বাইরে নারী নির্যাতন, শিশু নির্যাতন, শিশু ধর্ষণ এবং বৈষম্য অব্যাহত রয়েছে। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে নারীর মর্যাদা ও সমঅধিকার এখনো প্রতিষ্ঠা হয় নি।সমাজতান্ত্রিক মহিলা ফোরাম প্রীতিলতার লড়াকু জীবন থেকে শিক্ষা নিয়ে দেশের নারী সমাজকে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদের বিরুদ্ধে এবং নারীমুক্তির আন্দোলনকে বেগবান করার লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানায়।
বীরকন্যা প্রীতিলতা দিবস উপলক্ষে আগামিকাল ২৫-৯-২৬ শুক্রবার বিকাল ৪ টায় জেলা কার্যালয়ে প্রীতিলতা স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :