
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বার ভবনের নিচতলায় এই আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সিনিয়র-জুনিয়র প্রায় সকল আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ সাধারণ সভার শেষে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান সাংবাদিকদের বলেন, আজকের বিশেষ সাধারণ সভায় পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তগুলো হচ্ছে আইনজীবীদের চিকিৎসা ভাতা ৫০ হাজার টাকা থেকে উন্নীত করে ১ লাখ টাকা করা হয়েছে। আইনজীবী সমিতির কার্যকরী কমিটিতে আরও নতুন দুটি পদ সৃষ্টি করা হয়েছে। পদ দুটি হচ্ছে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং মহিলা বিষয়ক সম্পাদক। এখন থেকে ১৯ টি পদে আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইনজীবী সমিতির অনেক সদস্যকে বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনিয়মিত করে রাখা হয়েছিল। তাদের নিয়মিত করার জন্য একটি আপিল বোর্ড গঠন করা হয়েছে। এডভোকেট আব্দুল বারী ভূঁইয়াকে আহ্বায়ক এবং এডভোকেট ওমর ফারুক নয়নকে সদস্য সচিব করে ৬ সদস্যের এই আপিল বোড গঠন করা হয়েছে।
আইনজীবী সমিতির আগামী নির্বাচন সর্বসম্মতিক্রমে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এর ধারাবাহিকতায় প্রতিবছর জানুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। উপস্থিত সকল সদস্যগণ এই সিদ্ধান্তে একমত পোষণ করেছেন। সর্বশেষ যে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে তা হলো, নারায়ণগঞ্জের দুই কোর্ট একসাথে রাখার বিষয়ে সকল আইনজীবী একমত হয়েছেন এবং এই দাবিতে আইনজীবী সমিতি নিয়মিত কর্মসূচি পালন করবেন ও সকল আইনজীবীরা তাতে উপস্থিত থাকবেন মর্মে ঐক্যমত পোষণ করেছেন
আপনার মতামত লিখুন :