
খবর নারায়ণগঞ্জ.কম: অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হওয়া এক শিশুর পাশে দাঁড়াল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। বিরল ক্যান্সার এইচএলএইচ-এ আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী শিশু অর্নব চন্দ্র দাসের চিকিৎসা অব্যাহত রাখতে রোববার পরিবারটিকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
রোববার দুপুরে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার বাসিন্দা শিশু অর্নবের মা নিপা রানী দাসের হাতে এ চেক তুলে দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এইচএলএইচ নামের বিরল ক্যান্সারে ভুগছে অর্নব। চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের জমানো সব সঞ্চয় শেষ হয়ে যায়। চিকিৎসার ব্যয় মেটাতে অপারগ হয়ে গত ১৩ আগস্ট সন্তানের জীবন বাঁচাতে আর্থিক সহায়তা চেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন মা নিপা রানী দাস।
আবেদন পাওয়ার পর বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে উপজেলা প্রশাসন অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন,
শিশুটির ক্যান্সার চিকিৎসার বিষয়টি আমরা মানবিক দিক বিবেচনায় নিয়ে দ্রুত পর্যালোচনা করেছি। একটি শিশুর জীবন রক্ষায় রাষ্ট্র ও সমাজের দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকেই পরিবারটিকে আর্থিক সহযোগিতার চেক দেওয়া হয়েছে।
আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত শিশুটির মা নিপা রানী দাস বলেন, চিকিৎসার খরচ জোগাতে গিয়ে আমরা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। প্রশাসন পাশে দাঁড়ানোয় আমার ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারব।
চিকিৎসকরা জানান, এইচএলএইচ বা Hemophagocytic Lymphohistiocytosis একটি বিরল ও জটিল রোগ। সময়মতো চিকিৎসা না হলে এটি প্রাণঘাতী হতে পারে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অসহায় ও সংকটাপন্ন পরিবারের আবেদন পেলে ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :