রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করায় তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 


Jahid প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন /
রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করায় তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি রাস্তা উপর গাছের স্তূপ তৈরী করে বিক্রি করার অভিযোগে তিনটি টিম্বার প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পৌরসভার সাহাপুর ও হাতকোপা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।

অভিযানে মা-বাবার দোয়া, জয়নাল এবং আল-আমীন টিম্বারকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সহায়তা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এর কম্পিউটার অপারেটর মোঃ আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশ।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার বলেন, দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সরকারি রাস্তা দখল করে দোকানের মালামাল রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি রাস্তার উপর কোনো ধরনের মালামাল রেখে ব্যবসা করে জনগণের চলাচলে বাঁধা সৃষ্টি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারি রাস্তা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।