দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃবৃন্দ – অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায়ভার ডিপিডিস’র


Jahid প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন /
দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃবৃন্দ – অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায়ভার ডিপিডিস’র

খবর নারায়ণগঞ্জ.কম :
কোনপ্রকার গণশুনানী ছাড়া বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের প্রিপেইড মিটার প্রকল্প সাধারণ জনগণের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের বিশিষ্টজনরা। প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানী মন্ত্রীর সঙ্গে বৈঠকের পূর্বে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন না করতে ডিপিডিসির প্রকল্প পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন আন্দোলনরতরা।
সোমবার (৩ আগষ্ট) দুপুরে নগরীর কিল্লারপুলস্থ ডিপিডিসির প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ দাবী জানান নারায়ণগঞ্জের বিশিষ্টজনরা।
নেতৃবৃন্দ জানান, নারায়ণগঞ্জ জনগণকে দূর্ভোগের মধ্যে ফেলতে ডিপিডিসি কৃর্তক কোনো প্রকার আগাম নোটিশ, ন্যূনতম জনমত বা গণশুনানি ছাড়াই জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি বিগত ফ্যাসিস্ট আমলের প্রকল্প। বিগত দিনে ওই প্রকল্পের মাধ্যমে প্রিপেইড মিটার ক্রয় করিয়ে কোটি কোটি টাকা নিজেদের পকেটস্থ করেছে।
প্রিপেইড মিটারের ভোগান্তি তুলে ধরে বক্তারা বলেন, যেসব এলাকায় ইতোমধ্যে প্রিপেইড মিটার লাগানো হয়েছে সেখানে কোনো প্রকার আগাম সংকেত বা মানবিক বিবেচনা ছাড়াই ব্যালেন্স শেষ হওয়ামাত্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। গভীর রাতে, বিশেষ করে ঘরে মুমূর্ষু রোগী, নবজাতক শিশু কিংবা শিক্ষার্থীদের পরীক্ষার প্রাক্কালে এই আকস্মিক ও নিষ্ঠুর বিদ্যুৎহীনতা জনজীবনকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে, যা চরম অমানবিক। প্রতি মাসের প্রথম রিচার্জেই ডিমান্ড চার্জ, মিটার ভাড়া এবং ভ্যাটের নামে বিপুল অঙ্কের টাকা অন্যায়ভাবে কেটে নেওয়া হচ্ছে। এটি সাধারণ মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের ওপর ডিপিডিসি-র প্রকাশ্য ও জোরজুলুমমূলক নীতি। প্রায়শই সার্ভার অচল থাকার কারণে টাকা পরিশোধ করেও গ্রাহকরা ব্যালেন্স পাচ্ছেন না। এছাড়া কার্ড পাঞ্চের জটিলতা ও মিটার লক হয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে বিদ্যুৎ অফিসের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা কারিগরি সহায়তা পাওয়া যায় না, যা সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা।
পরে নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষ প্রিপেইড মিটার লাগাতে চায়না। আমরা প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানী মন্ত্রীর কাছে প্রিপেইড মিটারের ভোগান্তির চিত্র তুলে ধরতে চাই। প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানী মন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জের বিশিষ্টজনদের বৈঠকের আগে যাতে ডিপিডিসির কোন ব্যক্তি প্রিপেইড মিটার লাগাতে না যায়। যদি এরপরেও কেউ যায় তাহলে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটলে নারায়ণগঞ্জবাসী দায়ী থাকবেনা।
সভায় উপস্থিত ডিপিডিসির কর্মকর্তারা বলেন, তারা আন্দোলনের দাবির বিষয়গুলো জেনেছেন। এসব বিষয়ে তারা উর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন।
দ্বিপাক্ষিক বৈঠকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রিপেইড মিটার প্রকল্পের পরিচালক (পিডি) মোঃ হানিফ, ডিপিডিসি আইসিটি বিভাগের ডিজিএম কামরুল হাসান, ডিপিডিসির প্রধান প্রকৌশলী (সাউথ) মোঃ কামাল হোসেন, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান। আন্দোলনরতদের পক্ষে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক এড. মাহাবুবুর রহমান ইসমাইল, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু সহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।