পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বসবাস যোগ্য করা নাগরিকদের নৈতিক দায়িত্ব – পরিবেশ দিবসে আনন্দধাম

প্রেস বিজ্ঞপ্তি : শুক্রবার ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এ বছরও আনন্দধামের উদ্যোগে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকার নিয়ে, জনসচেতনতা বৃদ্ধির জন্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। দিনের কর্মসূচির মধ্যে ছিলো র্যালী, বৃক্ষ রোপণ ও পথসভা। স্থানীয় কলেজ রোডস্থ গলাচিপা মসজিদ সংলগ্ন চত্তরে আয়োজিত পথসভায় আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফের উপস্থিতিতে অন্যান্যের মধ্যে পরিবেশ দিবসের গুরুত্ব উল্লেখ্য করে বক্তব্য রাখেন আনন্দধামের মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিন , যুগ্ম মহাসচিব খোকন গাজী, পরিবেশ পরিচালক ডা.অমল মন্ডল অমর, পরিচালক রতন সাহা, দীলিপ সাহা, নয়ন দাস, শাহিন রেজা, অনুপম সরকার প্রমুখ। বক্তারা পরিবেশ দিবসের গুরুত্ব উল্লেখ্য করে আমাদের করনীয় সম্পর্কে আলোকপাত করেন।
আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফ তার বক্তব্যে বলেন, পরিবেশ বিপর্যয়ের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, এর মারাত্মক প্রভাবগুলো সবসময় সরাসরি দেখা পাওয়া যায়না।এই বৈশ্বিক সংকটে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত প্রতিনিয়ত ঝুঁকির মাত্রা বাড়িয়েই চলছে। উপকূলে জলোচ্ছ্বাস ও লবণাক্ততার বিস্তার, উত্তরাঞ্চলে তীব্র তাপপ্রবাহ, হাওরাঞ্চলে আকস্মিক বন্যা এবং শহরাঞ্চলে পরিবেশগত অবক্ষয়ের পাশাপাশি যোগ হচ্ছে নতুন নতুন বিপর্যয়। এই কারণেই বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনা প্রয়োজন,আমাদের সন্তানেরা কেমন পৃথিবী পাবে?
আনন্দধাম মনে করে এই পৃথিবী আমাদের, একে পরবর্তী প্রজন্মের জন্য বসবাস যোগ্য করা আমাদের দায়িত্ব।
পথসভা অন্তে গলাচিপা মসজিদ সংলগ্ন চত্তরে আনন্দধামের পক্ষ থেকে বৃক্ষ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় ।
এখানে উল্লেখ্য যে, ১৯৭২ সালের ৫ জুন, সুইডেনের মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য ও পরিবেশ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করার জন্যে ১৯৭৩ সাল থেকে প্রতি বছর ৫ জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস।


