তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন,আহত-২

মোঃ নুর নবী জনি : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডার) ধাক্কা দেওয়ার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

আগুন দেখে প্রাণ বাঁচাতে ট্রাক থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে চালক ও হেলপার ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ঢাকামুখি একটি দ্রুতগতির ট্রাক কাঁচপুর ব্রিজে উপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সজোরে ব্রিজের মাঝখানের ডিভাইডারে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যেই ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা দ্রুত পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে। ট্রাকটিতে আগুন লাগার পর চালক ও হেলপার নিজেদের প্রাণ বাঁচাতে চলন্ত ট্রাক থেকে নিচে লাফিয়ে পড়েন। এতে একজন গুরুতর আহত হন বলে স্থানীয়রা জানান।

পরে খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকটির সামনের অংশ আগুনে অনেকাংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, দ্রুত গতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ডিভাইডারে ধাক্কা দিলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, লাফিয়ে পড়ার কারণে তারা আহত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিতে অন্যত্র সরে গেছেন।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button