নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরির জেলা হিসেবে রাখা হয়, যা অসম্মানজনক – দিপু ভূইয়া

খবর নারায়ণগঞ্জ.কম :
‘নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষ’ বিল সংসদে পাশ হওয়ায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দগণ এ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় বক্তাগণ তাদের বক্তৃতায় বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল শিল্প অধ্যুষিত এলাকা। সারাদেশ থেকে অসংখ্য মানুষ এখানে এসে তাদের জীবিকা নির্বাহ করে। মানুষের চাপ বেশী হওয়ার কারনে এখানে বিভিন্ন সমস্যা রয়েছে। সেই সকল সমস্যাগুলো সমাধানে ও নারায়ণগঞ্জের উন্নয়নে সংসদে যে বিল পাশ হয়েছে সেজন্য সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তার বক্তৃতায় বলেন, নারায়ণগঞ্জ দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে, তাই এটিকে ‘এ’ ক্যাটাগরি জেলায় উন্নীত করার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন এবং এ লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর মতো একটি শক্তিশালী অবকাঠামোগত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। ঢাকায় রাজউক যেভাবে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে, তেমনি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই। বিগত সরকার নারায়ণগঞ্জে দুই-তিন তলার বেশি ভবন নির্মাণে বিধিনিষেধ আরোপ করেছিল এবং জেলার উন্নয়নের ক্ষেত্রে ঢাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এর ফলে নারায়ণগঞ্জকে ‘বি’ ক্যাটাগরির জেলা হিসেবে রাখা হয়, যা জেলার জনগণের জন্য অসম্মানজনক।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক আহমেদুর রহমান তনু, রিয়াদ চৌধুরী, শংকর সাহা, আব্দুস সবুর খান সেন্টু, সেলিম রেজা, আওলাদ হোসেন, বদিউজ্জামান বদু তানিম তৌহিদসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।

