মাসুদের প্রার্থীতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ মহানগর বিএনপি, মনোনয়ন বাতিল চাইলেন নেতৃবৃন্দ
খবর নারায়ণগঞ্জ.কম : আলোচনা ও সমালোচনার কেন্দ্র বিন্দুতে থাকা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থীতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ।
শনিবার (১৫ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ ক্লাবে এক সংবাদ সম্মেলনে মহানগরের সকল স্তরের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদের মনোনয়ন বাতিলের দাবী জানান।
সংবাদ সম্মেলনে মনোনয়ন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
মহানগরের আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে যাকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, আমাদের রাজনৈতিক কর্মকান্ডে তিনি কখনও ছিলেন না এবং তৃণমূল নেতাকর্মীরা তাকে চিনে না। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে সাধারণ কর্মীরা হতাশ, ক্ষুব্ধ। সবাই বলছেন, রাজপথে যারা ছিলেন, যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাদের কাউকে প্রার্থী করা উচিত।
বিএনপি নেতাদের বক্তব্যে উঠে আসে – টাকার প্রভাব ও তদবিরের মাধ্যমে মাসুদুজ্জামান দলে প্রবেশ করেছেন এবং মনোনয়ন নিশ্চিত করেছেন। তাদের দাবি, গত ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তিনি হঠাৎ করে নিজেকে বিএনপি নেতার পরিচয়ে তুলে ধরতে শুরু করেন এবং স্থানীয় কিছু নেতাকে অর্থের মাধ্যমে প্রভাবিত করে রাজনীতিতে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে কয়েকজন নেতা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী মন্ত্রী-ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠতা ব্যবহার করে তিনি ব্যবসায়িকভাবে লাভবান হন। এমনকি সিটি ব্যাংকের মালিকানা পরিবর্তনকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগও স্থানীয় পর্যায়ে প্রচলিত রয়েছে। এসব অভিযোগের কারণে তাঁর প্রার্থীতা নিয়ে আরও শঙ্কা ও বিতর্ক তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তাঁরা।
নেতৃবৃন্দ আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম, মিছিল, সমাবেশে যারা সক্রিয় ছিলেন তাদের মধ্য থেকেই কোনো একজনকে মনোনয়ন দেওয়া উচিত।মাসুদুজ্জামানের মনোনয়নকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপিতে স্পষ্ট ভাঙন ও ক্ষোভ দেখা দিয়েছে। তৃণমূল নেতাদের বড় অংশ তাকে গ্রহণ করতে নারাজ, এমনকি তার পক্ষে প্রচারেও দূরত্ব বজায় রাখছেন অনেকে।
স্থানীয় নেতারা কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই বিতর্কিত মনোনয়ন অবিলম্বে বাতিল করে নারায়ণগঞ্জবাসীর আস্থা অর্জন করতে সক্ষম এমন যোগ্য ও পরীক্ষিত কাউকে প্রার্থী হিসেবে মনোনীত করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন – সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল, মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা প্রমুখ।
