ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই রোধে র্যাব-১১ এর অভিযান: দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

খবর নারায়ণগঞ্জ.কম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিতে র্যাব-১১ এর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাইদুল বেপারী (২৭), মোঃ সৈকত হোসেন (২৮) ও মোঃ হৃদয় (২০)।
র্যাব-১১ এর উপ-অধিনায়ক লেঃ কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। মূলহোতা সাইদুল বেপারীর নেতৃত্বে তারা মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ, সিএনজি ও অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এসময় তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব।