সেলিম ওসমানের প্রেসক্রিপশনে কিছু শিল্পপতি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়: এড সাখাওয়াত

খবর নারায়ণগঞ্জ.কম: আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে (২০২৫-২০২৬) কেন্দ্র করে বিএনপি সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিভেদ সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোন অপশক্তি বা শিল্পপতির প্রেসক্রিপশনে বিএনপির আইনজীবীদের মধ্যে ভাঙন ধরানো যাবে না।
মঙ্গলবার (১৯ আগস্ট) আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির এবং অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেলের সমর্থনে আয়োজিত এক প্রচারণা অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “সেলিম ওসমানের প্রেসক্রিপশনে কিছু শিল্পপতি, যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদের পরিচয় দিতে চায়, তারা আজকে আইনজীবী সমিতিতেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা বিএনপির বিরুদ্ধে এবং সেলিম ওসমানের পক্ষে অবস্থান নিয়েছে।” তিনি প্রশ্ন তোলেন, “যারা ‘মেইড ইন নারায়ণগঞ্জ’ বলেন, তারা যদি বিএনপির হয়ে থাকেন, তাহলে আজকে বিএনপির প্যানেলের বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছেন?”
দলীয় ঐক্যকে সুসংহত উল্লেখ করে সাখাওয়াত বলেন, “এই প্যানেলের পক্ষে আমরা ঐক্যবদ্ধ আছি। আপনারা দেখেছেন, নারায়ণগঞ্জ-১ আসন থেকে কাজী মনির ও দিপু ভুইয়া, আড়াইহাজার থেকে নজরুল ইসলাম আজাদ, মাহমুদুর রহমান সুমন, আতাউর রহমান আঙ্গুর; নারায়ণগঞ্জ-৩ আসন থেকে অধ্যাপক রেজাউল করিম ও আব্দুল মান্নান; এবং নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সাবেক এমপি গিয়াসউদ্দিন সাহেব ও শাহ আলম সাহেব আমাদের এই প্যানেলের পক্ষে আছেন।”
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি কালাম সাহেব হজ পালনের জন্য বিদেশে থাকলেও সেখান থেকে প্যানেলের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং নির্বাচনের পূর্বে দেশে ফিরে প্রচারণায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
সাখাওয়াত হোসেন খান দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, “আমরা বাইরে যেমন বলেছি, ১৫ বছর যারা মাঠে ছিলাম, তাদের মধ্যে যাকেই এমপি নমিনেশন দেওয়া হবে, আমরা তাকেই মেনে নেব। কিন্তু কোনো বহিরাগত, কোনো শিল্পপতিকে আমরা মেনে নেব না। সেই শিল্পপতিরা আজকে আইনজীবী সমিতির নির্বাচনে বিভেদ সৃষ্টি করতে চায়।” তিনি এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনজীবীদের সজাগ থাকার এবং দাঁতভাঙা জবাব দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “এই নির্বাচন শুধু হুমায়ুন কবির বা আনোয়ার প্রধানের নয়, এই নির্বাচন বিএনপির সম্মান, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সম্মানের ব্যাপার।” তাই সকল ভেদাভেদ ভুলে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন ১৭ জনের পূর্ণাঙ্গ প্যানেলকে নির্বাচিত করার জন্য তিনি আইনজীবীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রচারণায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ফোরাম মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির এবং সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ কার্যকরী কমিটির নির্বাচন আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে তিনটি প্যানেল থেকে ৪৮ জন এবং স্বতন্ত্র ২ জনসহ মোট ৫০ জন প্রার্থী ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
