তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করলে ঘরে বসে থাকবোনা – মশিউর রনি

খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। লাইসেন্সধারী অস্ত্রের সামনে রাজপথে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও দলের নির্দেশ পেলে রাজপথে দাঁড়াব। আমাদের অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে, গ্রেফতার হয়েছে, জেল খেটেছে। ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না।
তিনি বলেন, যারা ভুঁইফোঁড় সংগঠন করে বড় বড় কথা বলেন, তাদের বলে দিতে চাই, আমাদের একটি ইউনিয়নের নেতাকর্মীদের সামাল দিতেই কষ্ট হবে। থানার সাথে নয়, ইউনিয়নের সাথে যুদ্ধ করেই পার পাবেন না। আমরা যদি নির্দেশনা পাই, তাহলে ঘর থেকে ধরে এনে জবাব দেব।
তিনি আরও বলেন, গতকাল যারা পালিয়ে গেছেন তারা বড় বড় কথা বলছেন। আমার নেতার তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার আগে সাবধান হোন। না হলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলব। আমরা এই শহরে ভেসে আসিনি, কারা কোথায় থাকে তা আমরা জানি। কেউ কেউ লজিং বাসায় থেকে নেতৃত্ব দেয় তাদেরও আমরা চিনি। আমার নেতার বিরুদ্ধে আবার কোনো উশৃংখল বক্তব্য এলে আর ঘরে বসে থাকব না। যেটা করার তাই করব। নারায়ণগঞ্জে একসময় গডফাদার ছিল, তাকেও ছাড় দেইনি, ভবিষ্যতেও দেব না।
জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আমরা চাই সবাইকে নিয়ে রাজনীতি করতে। কিন্তু তারেক রহমানকে নিয়ে যেসব কথা হচ্ছে, তা বন্ধ করতে হবে। যারা সম্পর্ক নষ্ট করতে চান তাদের জন্য বলছি, আমরা চুপ থাকব না।
তিনি সিনিয়র রাজনীতিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা জুনিয়রদের পরামর্শ দিন কিভাবে কথা বলতে হয়, কাকে নিয়ে কীভাবে মন্তব্য করতে হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. আমিরুল ইসলাম ইমন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, সদস্য সচিব কাজী আয়াত, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরানুল ইসলাম প্রিন্স প্রমুখ।
