তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রমজীবীসহ সকল মানুষের ঈদ যাত্রা নিরাপদ করতে হবে: তরিকুল সুজন

প্রেস বিজ্ঞপ্তি :
শুক্রবার ( ১৪ মার্চ) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং শ্রমজীবীদের জন্য রেশনিং এর ব্যবস্থার দাবিতে ব্যাটারিচালিত ভ্যান চালক-মালিক সংহতি’র মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যাটারিচালিত ভ্যান চালক-মালিক সংহতির সংগঠক শাহ আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মোঃ শরীফ।
মানববন্ধনে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, সামনে ঈদ। ঈদকে কেন্দ্র করে শ্রমজীবীরা নানান হয়রানি-ভোগান্তির শিকার হয়। শ্রমজীবিরা স্বজনের সাথে গ্রামে ঈদ করতে যাবার সময় ট্রেন, লঞ্চ, বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করে। ঈদ যাত্রাকে কেন্দ্র করে আমরা দেখি বাস দুর্ঘটনায় বহু মানুষ নিহত হন, লঞ্চ ডুবি হয়। ট্রেনের ছাদে কিংবা ঝুলে ঝুলে অত্যন্ত ঝুকি নিয়ে মানুষ স্বজনের সাথে ঈদ করতে যান। প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাই, যেকোন মূল্যে মানুষের ঈদ যাত্রাকে নিরাপদ করতে হবে এবং প্রশাসনকে সব পক্ষের সাথে বসে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, দেশে গরীব মারার রাজনীতি চলে। গরীবকে ঠকিয়েই চলে বড়লোকের ঈদের উৎসব। শ্রমজীবীদের ঠকিয়ে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে দেশের অর্থনীতির চাকাকে সচল করা যাবে না। উৎসব সকলের। তাই সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। সার্মথ্য অনুসারে গরীব মানুষের পাশে দাঁড়াতে হবে। শ্রমজীবীদের জীবনযাত্রা সহজ করতে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, মোহাম্মদ ফরিদ, আবদুল করিম, মোঃ আফসার, মোঃ নেসারসহ ব্যাটারিচালিত ভ্যান চালক-মালিক সংহতির নেতৃবৃন্দ। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা।