রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুরুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ
রূপগঞ্জ প্রতিনিধি:
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আটজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার নাওড়া এলাকায় এ সংঘর্ষ ঘটে।
গুলিবিদ্ধরা হলেন আকবর (২৪), তাজেল (৩৬), জয়নাল (৩৫), শামিম (২৫) মুক্তার হোসেন (৬০) নুর হোসেন (২৪), আরিফ (৯) ও রোমান (২০)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নাওড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকের সাথে সাবেক ইউপি সদস্য মোশাররফের বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে রোববার রাতে রফিকের লোকজনের সাথে মোশাররফের লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে।
তারা জানান, এ ঘটনার জেরে সোমবার সকালে রফিকের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে মোশাররফের বাড়ী ঘেরাও করে। এর একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় রফিকের লোকজনের শটগানের ছোঁড়া গুলিতে আটজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন জানান, খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

