এক টেবিলে বসলেন আইভী-শামীম-সেলিম, কথা বলবেন সমস্যা নিয়ে
খবর নারায়ণগঞ্জ.কম: এক টেবিলে বসলেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান। নাগরিক সমস্যা যানজট ও ফুটপথ দখলের সমাধানে গোল টেবিলে বৈঠকের আয়োজন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। সেখানেই তারা মতামত তুলে ধরে এসব সমস্যা সমাধানের জন্য উপযোগী পদক্ষেপ নেওয়ার কথা জানান। তারা বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার আশা ব্যক্ত করেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) গোল টেবিল বৈঠকে আরও উপস্থিত ছিল জেলা ও পুলিশ প্রশাসন। জেলা প্রশাসন জানায়, এসএসসি পরীক্ষার আগে, অর্থাৎ আগামী ১৫ তারিখের মধ্যে এসব নিরসন করা হবে। আগামীকাল রোববার থেকে রোড পারমিট ছাড়া ও অবৈধ পার্কিং করা হলে যানবাহন ডাম্পিং করা হবে।
মাদক, ইভটিজিংও থাকবে না।
হাইস্কুল ও নারায়ণগঞ্জ কলেজে ১৫ হাজার শিক্ষার্থী। তাদের জান বের হয়ে যায় পরীক্ষা থাকলে। আমরা বাস কিনে দিয়েছি। কিন্তু কলেজ গেটে বাস কোথা দিয়ে যাবে? কেন এই রাস্তা বারবার উচ্ছেদ করার পরেও কাঁচাবাজার বসে সেখানে? এগুলো শক্ত হাতে প্রতিহত করতে পারলে বসব, নয়ত আমরা বসব না, যোগ করেন সেলিম ওসমান।
সেলিম ওসমান আরও বলেন, এখানে কোনো রাজনীতি থাকবে না। রাজনীতি একটাই, নারায়ণগঞ্জের মানুষকে শান্তিতে চলাচল করতে দিতে হবে। আমরা মেয়রকে অবশ্যই সহযোগিতা করব। আমরা করোনার সময়ও করেছি। আমরা স্কুল করেছি, কিন্তু বাচ্চারা স্কুলে যায় কি না, খবর রাখতে পারি না।
আমরা একসঙ্গে বসব স্বেচ্ছাসেবী নেব। আগামী এক বছরের মধ্যে আমরা নারায়ণগঞ্জে কোনো সমস্যা রাখব না। আমার মেয়র আইভীকে নিয়ে আমার ছোট ভাই শামীম ওসমানকে নিয়ে আমরা এটা করব। শামীম ওসমানকে আমরা শক্তি হিসেবে কাজে লাগাব, যোগ করেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, আগামীকাল থেকেই যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা হবে।
গোলটেবিল বৈঠক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, এফবিসিসিআইয়ের পরিচালকভাবে প্রবীর কুমার সাহা, বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মনসুর আহমেদ প্রমুখ।


