শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৪০
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি এলাকা থেকে পূর্ব কলসপাড় এলাকা পর্যন্ত ৪ কিলোমিটারের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা বলেন, সোমবার সকালে গাগলাজানি এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ মানুষকে কামড়াতে শুরু করে, পূর্ব কলসপাড় পর্যন্ত কামড়ানোর পর গাজিরখামারের দিকে চলে যায়। এসময় শিশু, মহিলা -পুরুষ, বৃদ্ধসহ ৪০ জনকে কামড়ে আহত করে কুকুরটি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে পাঠান।
এব্যাপারে কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের হাসপাতালে দেখতে এসেছি। কুকুরের কামড়ে আহতরা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে বলেছি।
