মহানগর বিএনপির সদস্য সচিব টিপু গ্রেফতার
খবর নারায়ণগঞ্জ.কম :
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে অবরোধ সমর্থনে মিছিল বের করার সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে মিছিল বের করার জন্য মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ নেতাকর্মীরা জড়ো হয়। এসময় সদর মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে তার সাথে থাকা অন্য নেতাকর্মীরা পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নাশকতা করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে।


