জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরের ধান ক্ষেত থেকে ফের অটো চালকের লাশ উদ্ধার
শেরপুর প্রতিনিধি :
মাত্র ৬ দিনের ব্যবধানে শেরপুরের ঝিনাইগাতীর একটি ধান ক্ষেত থেকে ফের অটো চালকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (০৮ অক্টোবর) সকালে কোচনীপাড়া গ্রামের একটি ধান ক্ষেত ওই লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অটোচালক শাহ আলম (৪০) শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের আড়াইলেকান্দা ধাতুয়া গ্রামের জসিম উদ্দিন ফকিরের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, অটো চালক শাহ আলম ইতিপূর্বে ঢাকায় কাজ করতো। তার উপার্জিত আয় দ্বারা সংসার চালাতে না পেরে গ্রামে ফিরে আসে। গ্রামে এসে প্রায় ২লক্ষ টাকা দিয়ে একটি অটোরিক্সা ক্রয় করে। শনিবার সন্ধ্যার দিকে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। তার পরিবারের লোকজন সাড়া রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। রবিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় নিহত শাহ আলমের গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া যায়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অটো চালক শাহ আলমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ডাক্তারী রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
