রাজনীতিতে কে কখন নিষ্ঠুর আর কে কখন দয়ালু হয় বলা যায় না – শামীম ওসমান
খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনসার ও ভিডিপি নারায়ণগঞ্জ জেলার কমাড্যান্ট মাহবুবুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এতবড় বাহিনী সম্পর্কে আমি কম জানতাম। এটা কষ্টকর একটা বিষয়। অথচ মহান মুক্তিযুদ্ধের সময় ৪০ হাজারের বেশি অস্ত্র তাদের হাতে ছিলো। এমনকি ভাষা আন্দোলনে নিহত জব্বার একজন আনসার সদস্য ছিলেন। আপনাদেরকে বলবো, যেসব সমস্যা রয়েছে আমাকে লিখিত দিন আমি সংসদে এ বিষয়ে কথা বলবো। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন অথচ তাকে হত্যা করা হলো। শুধু তাকে নয় পুরো পরিবারকে হত্যা করা হলো। আর ভাগ্য গুনে তারা দুই বোন বেচেঁ গেলেন। পরবর্তীতে তিনি যখন দেশে আসলেন তখন আমরা তাকে বলেছিলাম, হত্যার বদলা হত্যা চাই। তিনি বলেছিলেন, আমি আমার পিতার হত্যার বিচার চাই কিন্তু সেটা আইনি ভাবে। আমি দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই, আমার পিতার স্বপ্নকে পূরণ করতে চাই।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না তিনি আমাদের আগামীর ভবিষ্যৎ। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, যদি তিনি জীবিত থাকতেন তাহলে বাংলাদেশ আজ একটি ধনী রাষ্ট্র হিসেবে সমাদৃত হতো। তার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। এভাবে চলতে থাকলে ২০৪০ সাল নাগাদ বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। একটা কথা মনে রাখতে হবে, মানুষ উন্নয়ন চায় তার চাইতে বেশি চায় শান্তি। রাজনীতি আর আগের মত নেই। কে কখন দয়ালু হয় আর কে কখন নিষ্ঠুর হয় সেটা বলা যায় না বরং মানুষের সেবা করাই বড় কথা। সম্মান আল্লাহ প্রদত্ত, অহংকার কখনো ভালো নয়। আপনাদের যেসকল সমস্যা রয়েছে লিখিত দিন যতটুকু পারি সহযোগীতা করার চেষ্টা করবো।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের কমান্ডার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মাসুদ, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা প্রমুখ।



