তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে পদবঞ্চিতদের হামলার

খবর নারায়ণগঞ্জ.কম:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে পদবঞ্চিতদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে এই হামলার ঘটনা ঘটে।

এতে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বেধড়ক মারধরের শিকার হয়েছেন। হামলায় বিএনপির আরও ১২-১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। এসময় কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। আর এই দুই কমিটিতে ত্যাগীরা পদ না পাওয়ার অভিযোগ তুলে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারই অংশ হিসেবে মহানগর যুবদলের পদবঞ্চিত নেতা মাজহারুল ইসলাম জোসেফের অনুসারীরা মঙ্গলবার রাত থেকে সংঘবদ্ধ হতে থাকেন।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে যোগ দিতে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। সমাবেশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাজহারুল ইসলাম জোসেফের অনুসারীরা অতর্কিতভাবে হামলা চালান। এতে কিছু সময়ের জন্য নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সমাবেশস্থলে যাকেই পেয়েছেন তাকেই পিটিয়েছেন বিদ্রোহীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ বিষয়ে মাজহারুল ইসলাম জোসেফ বলেন, মহানগর যুবদলের কমিটি ঘোষণার পর থেকেই অনেক যুবদল নেতাকর্মী বিএনপি নেতাদের ওপর ক্ষুব্ধ ছিলেন। কারণ তারা দিনের পর দিন ত্যাগ স্বীকার করলেও তাদের মূল্যায়ন করা হয়নি। সেই ক্ষোভ থেকে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে। আমি তাদের নিষেধ করেছিলাম, তারা আমার কথা শোনেনি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের কর্মসূচিতে সরকারি দলের এজেন্টরা হামলা চালিয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ঘটনাস্থলে বিএনপির একটি পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button