নিতাইগঞ্জ এলাকায় বিস্ফোরনে ১শ্রমিক নিহত আহত ৯
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় বিস্ফোরণে ধসে পড়া ভবনে এর আগেও দুইবার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তখন সতর্কও করা হয়েছিল। কিন্তু ভবনের মালিক তা কর্ণপাত করেননি। শনিবার (১৮ মার্চ) সকাল ৯টায় তৃতীয়বারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভবনটিতে।
সকাল নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় অবস্থিত ‘নাজমা ফ্লাওয়ার’ ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আওলাদ হোসেন (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।
আহতরা হলেন মো. হোসাইন (৫০), হযরত আলী (৪০), শ্রী রবি দত্ত (৪২), জাকির হোসেন (৪১), মো. বিল্লাল (৪৫) ও জগদীশ সরকার (৬৫)। তারা সবাই শ্রমিক। তাদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
দোতলা ভবনটির নিচতলায় মুদিদোকান মেসার্স গোবিন্দ ভান্ডার। এর ম্যানেজার জয় বলেন, ‘এর আগেও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তখন আমি আহত হয়েছিলাম। দোকানের ভেতরে গ্যাস জমা ছিল। দোকান খোলার সময় ধূপ জ্বালাতে গিয়ে এ ঘটনা ঘটেছিল। এর আগে আরেকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তখন জগদীশ সাহা নামের একজন নিহত হন।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিলাম। ভবনের মালিক ইলিয়াস দেওয়ান সচরাচর আসেন না। বিস্ফোরণে ঘটনা জানানো হলে তিনি বলেছিলেন, ব্যবস্থা নেবেন।
তবে ঘটনাস্থলে পাওয়া যায়নি ভবনের মালিক ইলিয়াস দেওয়ানকে। তার পক্ষে কর্মচারী সালাহউদ্দিন বলেন, ‘আমাদের কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। এটা একটা পুরাতন বিল্ডিং। আমরা সংস্কার করেই ব্যবসা পরিচালনা করে আসছিলাম।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দিন বলেন, ‘গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা এখনো লিকেজ দেখতে পাচ্ছি।’
তিনি আরও বলেন, আগুনের ঘটনার পর ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি অনেক পুরোনো ভবন। ভবনটির নিচতলায় চাল, ডাল, আটা, লবণসহ নিত্যপণ্যের গুদাম ছিল।
