ভাল মানেখেলোয়াড় তৈরীতে বয়স ভিত্তিক টুর্নামেন্টের বিকল্প নেই – পলাশ
খবর নারায়নগঞ্জ.কম:
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ বলেছেন, মাঠের অভাবে এখন আর তেমন ভাল মানের খেলোয়াড় তৈরী হচ্ছেনা। আমাদের এই আলীগঞ্জ মাঠটিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এই মাঠকে রক্ষা করতে গিয়ে অনেক হুমকি ধামকি এসেছে এমনকি আমাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে তারপরও এই মাঠ রক্ষার যে আন্দোলন সেখান থেকে একচুলও আমাকে টলাতে পারেনি। আমি বলেছি জীবন দেবো তবুও মাঠ দেবো না। এই মাঠ রক্ষায় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ভাই, মেয়র সেলিনা হায়াত আইভী এবং সাবেক ডিসি মোঃ জসিম উদ্দিন অনেক সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শুক্রবার ৪ নভেম্বর বিকেলে আলীগঞ্জ ক্লাব আয়োজিত আসাদুজ্জামান ও কামরুজ্জামান স্মৃতি অনুর্ধ ১৬ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি তার বক্তব্যে আরো বলেন, বর্তমান প্রজন্ম গৃহবন্দি হয়ে মোবাইলে আসক্ত। লেখাপড়া রেখে সারারাত জেগে মোবাইলে তারা অপসংস্কৃতিতে মেতে উঠছে তার একটি কারন সেটা হলো মুক্ত মাঠ নেই। মাঠের অভাবে তারা নানা অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। তাই মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের জন্যেই আলীগঞ্জ ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। আলীগঞ্জ ক্লাব সবার।
আলীগঞ্জ ক্লাবের মাধ্যমে এই আলীগঞ্জ মাঠ থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরী হয়েছে যারা প্রথম বিভাগ সহ জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জের প্রতিনিধিত্ব করেছে।ফুটবলের সেই স্বর্ণালী যুগকে ফিরিয়ে আনতে হলে মাদক ও ফেসবুকে আসক্ত আজকের প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেই আলীগঞ্জ ক্লাব বয়স ভিত্তিক টুর্নামেন্ট সহ বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনা করে আসছে এবং ভাল মানের খেলোয়াড় তৈরী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মোঃ নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ হাজী মোঃ আরিফুল ইসলাম, সদস্য হাজী মোঃ আব্দুল হালিম খান ও বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মোঃ আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক ও আলীগঞ্জ ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক হাজী মোঃ রফিকুল ইসলাম শামীম।
ফাইনালে বঙ্গবীর সংসদ ট্রাইব্রেকার ৫-৪ গোলে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমিকে পরাস্ত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।


