
খবর নারায়ণগঞ্জ.কম:
মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জে ব্যতিক্রমধর্মী পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ ব্র্যাক ও অস্ট্রেলিয়ান ব্র্যাকের যৌথ উদ্যোগে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২৫নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খুলনা থেকে আগত ‘নভোথিয়েটার শিল্পীগোষ্ঠী’ লোকজ ঐতিহ্যের ধারায় পটগানের মাধ্যমে মানব পাচারের ভয়াবহতা, দালালদের প্রতারণা এবং নিরাপদ অভিবাসনের গুরুত্ব সাধারণ মানুষের সামনে তুলে ধরে। পথচারী ও স্থানীয় বাসিন্দারা আগ্রহ নিয়ে এই প্রদর্শনী উপভোগ করেন।
প্রদর্শনীকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুমন চৌধুরী ও নারায়ণগঞ্জ সদর সেন্টার ম্যানেজার তন্ময় ধর।
নভোথিয়েটার শিল্পীগোষ্ঠীর সদস্যদের মধ্যে পটগান পরিবেশন ও অংশগ্রহণ করেন মূল গায়েন ইন্দ্রমাল মালাকার, চপল রায়, শিলা হাওলাদার, মিষ্টি ডাকুয়া, মনিকা মিত্র, সাকিব ও স্মৃতি প্রমুখ। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।