
খবর নারায়ণগঞ্জ.কম :
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে আইনজীবী ফোরামের সভাপতি এড. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো তখন তারা গুম, খুন, সন্ত্রাসী কর্মকান্ড করেছে এবং দেশের সম্পদ লুটপাট করেছে। গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে এখন পূণরায় দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। বর্তমানে আমরা ক্ষমতায় কিন্তু আমাদের এমপিদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, আমাদের নেতাকর্মীদের আহত ও হত্যা করা হয়।
গতকালও নড়াইলে অগ্নিসংযোগ করে দুইজন লোককে হত্যা করা হয়েছে।
খুনি হাসিনা ও নারায়ণগঞ্জের গডফাদারকে বলতে চাই তোমাদের কি লজ্জা হয় না; দেশ থেকে পালিয়ে গিয়ে পূণরায় আসতে চাও। আমাদের নেতা আমাদের ছেড়ে পালিয়ে যায় না।
তিনি আরও বলেন, এই আদালত প্রাঙ্গণে তথাকথিত কিছু আইনজীবী আছে যারা অরাজকতা সৃষ্টি করতে চায়। তাদেরকে বলবো শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করতে দেন নাই তবুও আদালতে এসে কাজ পরিচালনা করছেন। যদি অন্যকিছু চিন্তা করেন তাহলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। গোপালগঞ্জে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালিত হচ্ছে কিন্তু নারায়ণগঞ্জ আর গোপালগঞ্জ এক নয়। যদি নারায়ণগঞ্জে বিএনপির কোন নেতাকর্মীর গায়ে হাত দেয়া হয় তাহলে তার বংশ নির্বংশ করে দেয়া হবে।
প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা সজাগ রয়েছে। আইনজীবী ভাইদের বলবো যদি আওয়ামী লীগের কোন কর্মী গ্রেফতার হয় তাহলে কোন আইনজীবী তাদের পক্ষে লড়বেনা। যদি এমনটা হয় তাহলে কালো তালিকা করে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে। যদি অতি শীঘ্রই অরাজকতা, নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা না হয় তাহলে পুরো নারায়ণগঞ্জ ঘেরাও করে আওয়ামী লীগারদের ঘর থেকে বের করে ১৩ শিকের ভিতরে পাঠিয়ে দেয়া হবে।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল আদালত অঙ্গন প্রদক্ষিন করে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, পিপি এড. খোরশেদ মোল্লা, পিপি এড. আবুল কালাম আজাদ জাকির, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আব্দুল গাফফার, এড. আজিজুল হক হান্টু, এড. আসমা হেলেন বিথী, এড. আনজুম আহমেদ রিফাত প্রমুখ।