
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জে একটি অপহরণ মামলার জামিন শুনানি শেষে আদালত চত্বরের বাইরে দুই পক্ষের সংঘর্ষে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিপরীতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেনকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন পান জুয়েল আরমান।
শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার পর দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। আহত জুয়েল আরমান নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জুয়েলের সহযোগী রাসেলের অভিযোগ, অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় দেলোয়ার হোসেন, তাঁর দুই ছেলে ও সহযোগীরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
অপরদিকে দেলোয়ার হোসেনের অভিযোগ, জুয়েল আরমানের লোকজনই প্রথমে তাঁর ছেলে ও স্বজনদের ওপর হামলা চালিয়েছে।
জুয়েলের অনুসারীরা এ ঘটনায় তাঁতী দল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলের সম্পৃক্ততার অভিযোগ তুললেও তিনি তা অস্বীকার করে জানান, তিনি কেবল মারামারি থামানোর চেষ্টা করেছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, জুয়েল আরমান থানায় মৌখিকভাবে অভিযোগ করেছেন। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।