প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১০:২৮ পি.এম
কাশীপুরে উন্নয়ন ও সুষম বণ্টনের অঙ্গীকার ওমর ফারুকের

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক বলেছেন, নির্বাচিত হলে সরকারি একটি টাকাও আত্মসাৎ করবেন না। এলাকার উন্নয়ন ও সরকারি বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করাই হবে তাঁর অঙ্গীকার।
গতকাল বিকেল তিনটায় উত্তর নরসিংপুর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আলহাজ্ব আফসার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম।
ওমর ফারুক বলেন, ‘আমি কথায় নয়, কাজে প্রমাণ করতে চাই। নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান, শিক্ষার মানোন্নয়ন, যুবকদের কর্মসংস্থান এবং কাশীপুরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব। মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করব।’
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বলেন, ‘আপনারা তাঁকে নির্বাচিত করলে তিনি চেয়ারম্যান হিসেবে নয়, বরং আপনাদের খাদেম হিসেবে কাজ করবেন।’ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভুল সিদ্ধান্ত নিলে আবারও প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। ওমর ফারুক নির্বাচিত হলে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।
সভায় প্রধান বক্তা মুফতি মাসুম বিল্লাহ বলেন, ভোট একটি আমানত। এই আমানত সঠিক জায়গায় দিতে হবে। তাই এবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক যুবায়ের হোসেন, ছাত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শাহজাহান ব্যাপারী এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ফরাজি।
এ সময় উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরানসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
Copyright © 2026 Khobor Narayanganj. All rights reserved.