খবর নারায়ণগঞ্জ.কম :
আমলাপাড়া সার্বজনীন শ্যামা পূজা কমিটির উদ্যোগে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে আমলাপাড়া সার্বজনীন শ্যামা পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে বিত্তবানদের এ ধরনের অনুষ্ঠান করা অত্যন্ত জরুরি। বর্তমান যুগে শিশুরা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে, যা মায়েরা ভালোভাবেই জানেন। খাওয়ার সময়, ঘুমানোর সময় এমনকি বাথরুমে গেলেও তাদের মোবাইল লাগে। কিন্তু যখন তারা চিত্রাঙ্কনে মনোনিবেশ করবে, কবিতা আবৃত্তি করবে বা বির্তক করবে, তখন তারা মোবাইল থেকে দূরে সরে যাবে।
মোবাইলের মাধ্যমে নানা অপরাধ ঘটে থাকে। বিশেষ করে মেয়েরা অনেক সময় বিভিন্ন উস্কানী বা প্রেমের ফাঁদে পড়ে পথভ্রষ্ট হয়ে যায়। তাই এই ধরনের প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণ করলে ছেলেমেয়েরা খারাপ পথ ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে এবং পড়াশোনা, রান্না, খেলাধুলা ও শিল্পচর্চায় মনোনিবেশ করতে পারবে।
এ সময় প্রবীর কুমার সাহা বলেন, আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যে সমস্ত শিশু-কিশোররা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে খুবই সুন্দরভাবে মানে চিত্রাঙ্কন করেছে, যেটা সত্যি দেখার মতো। এখান থেকে বাছাই করে যে নয়জনকে মনোনীত করা হয়েছে, এটা ছিল খুবই কষ্টসাধ্য ব্যাপার।
আমরা আশা করি, যে নয়জন প্রতিযোগী আজকে পুরস্কৃত হয়েছেন, ভবিষ্যতে তাদের অনুসরণে যেন আমরা আরও বেশি বেশি অংশগ্রহণকারী পাই এবং সেখানেও যেন তারা ভালোভাবে চিত্রাঙ্কন করে সম্মানিত হবে সেটাই আমরা প্রত্যাশা রাখি।
এসময় তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে ড্রিম হলিডে পার্কে ঘুরতে নেয়ার ঘোষণা দেন।
বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আমলাপাড়া শ্যামা পূজা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সদর মডেল থানা অফিসার ইনচার্জ সাজেদুর রহমান প্রমুখ।