
খবর নারায়ণগঞ্জ.কম:
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ঢাকার কেন্দ্রীয় র্যালিতে নারায়ণগঞ্জ জেলা শাখা যুবদলের উদ্যোগে এক বিশাল ও সুসংগঠিত মিছিল নিয়ে যোগদান করেছেন ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে রুবেল হোসেনের সক্রিয় নেতৃত্বে হাজারো যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে র্যালিতে অংশ নেন। পুরো মিছিলজুড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
র্যালি শেষে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও নির্ধারিত সমাবেশস্থলে দলের হাজার হাজার নেতাকর্মী একত্রিত হন।
র্যালিতে যোগদানের বিষয়ে ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেন বলেন, "৭ই নভেম্বর আমাদের জাতীয় রাজনীতির এক ঐতিহাসিক মোড় ঘোড়ানোর দিন। এই দিনে এদেশের সিপাহী-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমে এসেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, ফতুল্লা থানা যুবদল তাতে সর্বদা অগ্রভাগে থাকবে।"
তিনি আরও বলেন, ফতুল্লা থানা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সাধারণ কর্মীদের সাথে নিয়ে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন এবং আগামী দিনের রাজপথের সব কর্মসূচিতে এভাবেই ঐক্যবদ্ধ থেকে অগ্রণী ভূমিকা পালন করবেন।
মিছিলে ফতুল্লা থানা যুবদল ও স্থানীয় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।