খবর নারায়ণগঞ্জ.কম:

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকেরা। পরে দুপুর ১২টার দিকে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

নাম প্রকাশ না করার শর্তে একটি শ্রমিক সংগঠনের নেতা জানান, শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছেন। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করছেন তাঁরা। এতে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা অংশ নিয়েছেন।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।