
বিশেষ প্রতিনিধি:
কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা জোনের জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি)-র সদস্য হুমায়ুন কবির।
রোববার (২৫ অক্টোবর, ২০২৬) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার (পি পিএম) মোঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের সর্বস্তরের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সঠিক তথ্য সংগ্রহ এবং অর্পিত দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা ও পেশাদারিত্ব প্রদর্শনের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এর আগেও কর্মদক্ষতার চমৎকার স্বাক্ষরের জন্য তিনি টানা দুই বার পুরস্কৃত হয়েছিলেন।
পুরস্কার প্রাপ্তির পর এক অনুভূতি ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, “সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে টানা তৃতীয়বারের মতো এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি আমার পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা, সাহস ও আত্মবিশ্বাস বহুলাংশে বাড়িয়ে দিল। মাননীয় পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অশেষ সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়ায় ভবিষ্যতে আরও নিষ্ঠা এবং প্রজ্ঞার সঙ্গে দেশ ও জনগণের সেবায় কাজ করে যেতে চাই।”
তিনি এই অর্জনের জন্য জেলা পুলিশ সুপার এবং ডিএসবি জোনের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।