
প্রেস বিজ্ঞপ্তি :
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে ইজারা চুক্তির প্রতিবাদে সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিবনাথ চক্রবর্তী, বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি হাফিজুল ইসলাম , বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলায়মান দেওয়ান, কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, বাসদ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ।
নেতৃবৃন্দ বলেন, লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেয়ার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সবার আগে বাংলাদেশ শ্লোগান দিয়ে বাংলাদেশের স্বার্থ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকার নৌবাহিনীর চুক্তি থাকায় আমাদের দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্যও এটি মারাত্মক হুমকি। পরিচালনার নামে বিদেশি কোম্পানির হাতে কর্তৃত্ব তুলে দিতেই সরকার চুক্তি করছে।
নেতৃবৃন্দ বন্দর ইজারা চুক্তির দিনটিকে কালো দিন হিসেবে উল্লেখ করেন। ইনভেস্ট বাংলাদেশ ভবনকে ‘কাশিম বাজার কুটি’ হিসেবে উল্লেখ করেন এবং বন্দর ইজারা চুক্তির হোতা কুখ্যাত আশিক চৌধুরীসহ চুক্তির হোতাদেরকে ’৭১-এর যুদ্ধাপরাধীদের মতোই সার্বভৌমত্ব বিরোধী হিসেবে চিহ্নিত করে বলেন, জনগণ এইসব দেশদ্রোহিদের বিচার একদিন বাংলার মাটিতে করবেই।
নেতৃবৃন্দ আরো বলেন, শান্তিপূর্ণ সমাবেশের সময় সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করে। এতে জোটের সমন্বয়ক বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ ৩০ জন নেতাকর্মী আহত হয়। নেতৃবৃন্দ সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বন্দর ইজারা চুক্তি থেকে সরে না আসলে বন্দর শ্রমিক, বন্দর ব্যবহারকারী ও সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও জনগণের সাথে আলোচনা করে প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী প্রদান করেন। একই সাথে সমাবেশে হামলাকারী পুলিশের শাস্তি দাবি করেন জোটের নেতৃবৃন্দ।