খবর নারায়ণগঞ্জ.কম:
জ্ঞানের আলোয় আইডিয়াল স্কুল কর্তৃক নারায়ণগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মজিবুর রহমান ও সালাহ উদ্দিন আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে বিলাল হোসেন রবিন, মো. সাগর প্রধান, মো. শরিফুল হাসান প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সাফল্য ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. সাইফুল ইসলাম খন্দকার। পরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।