প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৯:৪৩ পি.এম
পাগলা বাজারে মিষ্টির আড়ালে মদের আসর: কুতুবপুর ইউনিয়নে মনা বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ফতুল্লা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজারে ‘পাগল নাথ মিষ্টি ভান্ডার’ নামক একটি মিষ্টির দোকানের আড়ালে অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্থানীয় দীপক কুমার মনা ওরফে ‘সুইট মনা’ এবং তার সহযোগীদের দিকে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মিষ্টির ব্যবসার আড়ালে এই প্রতিষ্ঠানে নিয়মিত বসানো হয় মদের আসর। একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে এই কর্মকাণ্ড পরিচালনা করেন মনা। শুধু মিষ্টির দোকানই নয়, এর সংলগ্ন একটি নিজস্ব কার্যালয় ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বাহিনীর অন্যতম সহযোগী আরিফ ও ‘চাপাটি’ বাবুলের বিরুদ্ধে।
প্রকাশ্যে মাদক সেবন ও প্রভাবের অভিযোগ
এলাকাবাসীর একাংশ ও স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, মিষ্টির দোকানের ছাদে প্রতিনিয়ত খোলাখুলিভাবে মদ পান ও আড্ডার আসর বসে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, এই মাদক আসরের কারণে আশপাশের স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তার বিঘ্ন ঘটছে।
এ ছাড়া দীপক কুমার মনার বিরুদ্ধে বিগত রাজনৈতিক প্রভাব কাজে লাগানোরও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সখ্য গড়ে তুলে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন এবং এলাকা জুড়ে একটি নিজস্ব প্রভাব বলয় তৈরি করেছেন।
পাগলা বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের দাবি, ঐতিহ্যবাহী একটি বাজারে দিনের পর দিন মিষ্টির দোকানের আড়ালে এমন কর্মকাণ্ড চলায় বাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। অসাধু এই চক্রের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রশাসনিক তদন্ত পরিচালনা করে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন সমাজ।
Copyright © 2026 Khobor Narayanganj. All rights reserved.