
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. মাধবী মার্মা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিদর্শন করেন তিনি। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম, এলাকার উন্নয়ন ও সমস্যার বিষয়ে খোঁজ নেন মাধবী মার্মা।
এসময় মাধবী মার্মা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত দায়িত্ব হিসাবে আমাকে নারায়ণগঞ্জ-৪ দিয়েছেন। আজ এখানে এসেছি শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য। এখানে যে সকল সরকারি দপ্তরগুলো রয়েছে সেগুলো কেমন চলছে, উন্নয়নমূলক কাজ কোথায় করতে পারি কোথায় কী কী সমস্যা আছে সেগুলো শুনেছি।
তিনি বলেন, নারায়ণগঞ্জকে নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। তবে আমার পরিকল্পনা হবে সাধারণ মানুষের চাওয়ার ওপর ভিত্তি করে। জনগণের কথা শুনেই পরিকল্পনা করবো। কোথায় ও কিভাবে করবো তাদের সাথে বসেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা সে জায়গায় যেন আমি সর্বোচ্চটা দিতে পারি।
বিভিন্ন অভিযোগ ও অনিয়মের বিষয়ে মাধবী মার্মা বলেন, অভিযোগগুলো শুধু নারায়ণগঞ্জের সমস্যা নয় পুরো বাংলাদেশেই এরকম সমস্যা রয়েছে। এতদিনের যে অনিয়ম, দুর্নীতি সবকিছু একদিনে ও এক বছরে সমাধান হওয়ার কথা না। সুতরাং সরকারকে একটু সময় দিতে হবে। যাতে একটি নিয়মের মধ্যে এনে নিরপেক্ষভাবে যেখানে যা প্রয়োজন এবং উন্নয়ন ও টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন সেটি যেন আইডেন্টিফাই করে সরকার প্ল্যানিং করতে পারে এবং সেই অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, প্রকৌশলী ইয়াসিন আরাফাত, ফতুল্লা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।