প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৯:৫২ পি.এম
কুতুবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবের বিরুদ্ধে টাকা দিলেই মেলে কাজ না দিলেই ভোগান্তি

ফতুল্লা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসে (পাগলা এলাকা) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, চরম দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, ‘টাকা দিলেই কাজ মেলে, আর না দিলেই ঝুলিয়ে রাখা হয় ফাইল’—এই নীতিতেই চলছে অফিসটির দৈনন্দিন কর্মকাণ্ড।
ভুক্তভোগীদের অভিযোগ, নামজারি (খারিজ), খাজনা আদায়, ভূমির শ্রেণি পরিবর্তন বা অন্যান্য যেকোনো সেবার জন্য কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে নানা অজুহাতে মানুষকে হয়রানি করা হয়। নির্ধারিত সরকারি ফি-র বাইরে মোটা অঙ্কের অবৈধ অর্থ না দিলে সাধারণ সেবাগ্রহীতাদের দিনের পর দিন ঘুরতে হয়। কিন্তু চাহিদা অনুযায়ী ঘুষের টাকা পরিশোধ করলেই দ্রুত শেষ হয়ে যায় যেকোনো জটিল কাজ।
পাগলা ও কুতুবপুর এলাকার সাধারণ মানুষ জানান, আঃ মোতালেবের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে সাধারণ ভূমি মালিকরা চরম ক্ষোভ ও হতাশায় দিন কাটাচ্ছেন। ঘুষ দিতে না পারায় অনেক দিন ধরে ফাইল আটকে রেখে সাধারণ মানুষকে ঘোরানো হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।
ভূমি সেবাকে সহজ ও দুর্নীতিমুক্ত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে স্থানীয় জনগণ অবিলম্বে এই বিতর্কিত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি তাকে অপসারণ করে একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাকে সেখানে নিয়োগ প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা।
Copyright © 2026 Khobor Narayanganj. All rights reserved.