খবর নারায়ণগঞ্জ.কম:
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বাংলাদেশের ভেতর একের পর এক দৃষ্টান্তমূলক উদাহরণ দেখিয়ে যাচ্ছেন তার বিভিন্ন কার্যক্রমের কারণে। গতকাল রবিবার তার এক বছরের বিভিন্ন কার্যক্রমের তালিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা চট্টগ্রামের সকল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করায় চট্টগ্রামের সর্বমহল অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসককে।
চট্টগ্রাম জেলাবাসী তাকে নিয়ে গর্ব করেন এবং বলেন, জেলা প্রশাসকের এক বছরের কার্যক্রম সকল সাংবাদিক ও গণমাধ্যমের সামনে তুলে ধরার মতো ব্যতিক্রমী ও আত্মপ্রত্যয়ী এক কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। যা বাংলাদেশের ভেতর স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০২৫ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের ৩৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে রোববার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত চট্টগ্রাম জেলার সকল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি তার এক বছরের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করা ছিল প্রশাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ। চট্টগ্রামের ১৬টি আসনের প্রায় ৬৭ লাখ ভোটারের জন্য সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, কর্মকর্তাদের প্রশিক্ষণ, সিসিটিভি ও প্রযুক্তিনির্ভর নজরদারির উদ্যোগ নেওয়া হয়।
এছাড়া দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভূমিসংক্রান্ত অভিযোগের নিষ্পত্তিতে দেশের সকল জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম বাংলাদেশের বৃহত্তম শিল্পাঞ্চল হলেও বর্তমান চলমান শ্রমিক আন্দোলনের তেমন কোনো প্রভাব পড়েনি চট্টগ্রাম জেলা প্রশাসনের সর্বোচ্চ তদারকিতে।
জেলা প্রশাসনের অন্যতম আলোচিত উদ্যোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করা। এ এলাকার নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ১৬ কিলোমিটার সড়ক নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পরিবেশ সংরক্ষণে গত ২৭ অক্টোবর এক দিনে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, ‘ইতিহাসে গৌরব, ঐতিহ্যে প্রাণ, মানবিকতায় গড়ি নান্দনিক চট্টগ্রাম’ — এই প্রত্যয়কে সামনে রেখেই একটি জনবান্ধব জেলা প্রশাসন হিসেবে গড়ে তুলতেই জেলা প্রশাসন কাজ করছে। চট্টগ্রামকে পর্যটনসমৃদ্ধ, পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, চট্টগ্রামের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে নগরীকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, জেলে পরিবারের সন্তানদের শিক্ষায় সহযোগিতা, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, তিনি নারায়ণগঞ্জেও দশ মাসের মতো জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেখানেও তিনি ৬ মাস দায়িত্ব পালনের পর তার ৬ মাসের কার্যক্রমের তালিকা নারায়ণগঞ্জের সকল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করেছিলেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যুগ্ম মহাসচিব সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মনে করেন, বাংলাদেশের প্রতিটা জেলা প্রশাসকের তাদের বিভিন্ন কার্যক্রমের তালিকা ও জেলার উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করা উচিত। এতে প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আস্থা বৃদ্ধি পাবে। একজন জেলা প্রশাসক কী কাজ করলেন, কী করতে পারেননি, আগামীতে কী করবেন — তা জনগণ জানতে পারলে উন্নয়ন আরও গতিশীল হবে।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আরো বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আজ প্রমাণ করে দিলেন, চাইলে একজন কর্মকর্তা জনগণের সামনে নিজের কাজের হিসাব দিতে পারেন। এটাই প্রকৃত জনবান্ধব প্রশাসন। লুকিয়ে নয়, খোলামেলাভাবে কাজের হিসাব দেওয়াই একজন সৎ কর্মকর্তার পরিচয়। আমি আশা করবো, দেশের ৬৪ জেলার সকল জেলা প্রশাসক এই দৃষ্টান্ত অনুসরণ করবেন। তাহলে বাংলাদেশের প্রশাসনে এক নতুন যুগের সূচনা হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসকের এই উদ্যোগ নিঃসন্দেহে সারাদেশের মাঠ প্রশাসনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।