
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান ভূইয়া ফাউন্ডেশনের চেয়রাম্যান ও স্ট্রাকট্টি গ্রুপ বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর রাকিবুল ইসলাম রাকিব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে শত শত বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষেরা একত্রে বসবাস করে আসছে। আমরা কখনোই হিন্দু-মুসলিম বিবেচনা করিনি, সবসময় বলেছি আমরা সবাই ভাই ভাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। সম্প্রদায়ের উর্ধ্বে গিয়ে তিনি একটি দেশ গঠনের জন্য কাজ করে চলেছেন।
তিনি আরও বলেন, আপনাদের জন্য বিশেষ যেসকল প্রণোদনা রয়েছে সেগুলো আপনারা পাবেন। বিগত দিনগুলোতে যা হয়েছে সেগুলো ছিলো একটা খেলা। তারা আমাদের কাছ থেকে আপনাদের দুরে রাখার জন্য বিভিন্ন ধরনের ছক আঁকতো। ২৪ পরবর্তী দুইটা পূজায় আপনারা দেখেছেন আমরা আপনাদের সাথে ছিলাম এবং বিভিন্ন সহযোগিতা করেছি। আপনাদেরকে সহযোগিতা ও সেবা করার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি জানান, যেহেতু আমাদের একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে তাই আপনাদের যেকোন প্রয়োজনে জানাবেন আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, আবুল কাউছার আশা, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর বিএনপি নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সহ-সভাপতি গৌতম মিত্র, জেলা শাখার আহ্বায়ক অভয় কুমার রায়, সদস্য সচিব কার্তিক ঘোষ, অর্থ সম্পাদক জীবন সাহা, প্রচার সম্পাদক জীবন ঘোষ, সদস্য গোতম কুমার, নিতাই বিশ্বাস প্রমুখ।