
খবর নারায়ণগঞ্জ.কম : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর থানা বিএনপির উদ্যোগে হোসিয়ারী কমিউনিটি সেন্টারের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরের সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি এড. সাখাওয়াত তার বক্তব্যে বলেন, দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্যকোন দেশ; সবার আগে বাংলাদেশ। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যে ভাষন দিয়েছেন সেজন্য আমরা এ অনুষ্ঠান থেকে স্বাগত জানাই। এ বক্তব্যের মাধ্যমে দেশের মানুষের কথা তুলে ধরা হয়েছে। গত বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নামে মিছিল হচ্ছে। বন্দরে ১৫ জনের মিছিল থেকে যে ১০ জন গ্রেফতার হয়েছে তারা কেউ নারায়ণগঞ্জের বাসিন্দা নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে সন্ত্রাস, নৈরাজ্য সহ কোন ধরনের জঙ্গিবাদ সহ্য করা হবে না। সন্ত্রাসীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমাদের সন্দেহ হয় গুপ্ত সংগঠনকে ব্যবহার করে আওয়ামী লীগ দেশের পরিস্থিতিতে বিঘ্ন ঘটাতে চায়। তাই এ বিষয়টি দেশের প্রশাসকে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। দেশে কোনো ধরনের সন্ত্রাসী বা অনৈতিক কর্মকান্ড প্রশ্রয় দেয়া হবে না। আগামীতে সকলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গুপ্ত সংগঠনকে প্রতিহত করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবীর, মনির হোসেন খান, ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য ডাঃ মুজিবুর রহমান, সরকার আলম, সদর থানার সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ১৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।