
খবর নারায়ণগঞ্জ.কম :
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা উপলক্ষ্যে সংবাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ডিআইটি মসজিদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, ডিআইটি মসজিদের ইমাম আল্লামা আব্দুল আউয়াল।
এসময় মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমরা যখন আমাদের কমিটি দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমাদের কিছু ভাই একটি শহর কমিটির ঘোষনা দিয়েছিলেন। তাদের ঘোষিত সেই কমিটির প্রতি আমাদের তেমন কোন আগ্রহ ছিলোনা এবং আমরা বিষয়টি কর্ণপাত করিনি। কারন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যগণ উপস্থিত থেকে আমাদের জেলা ও মহানগর কমিটি উপহার দিয়েছেন। এরই পাশে অন্য কেউ একটি কমিটি দিবে সেটার কোন গ্রহনযোগ্যতা নেই, এর প্রতি আমাদের ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই। যদি তারা নিজেদের ভুল স্বীকার করে আমাদের সাথে আসে তাহলে তাদেরকে নিয়ে আমরা কাজ করবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এখানে অন্যান্য দল থেকে নেতৃবৃন্দ নেয়া হলেও জামায়াতে ইসলাম থেকে নেয়া হয় নি। কারন সকল ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে জামায়াতে ইসলামীকে ইসলামী দল হিসেবে স্বীকৃতি প্রদান করিনি বিধায় হেফাজতের সংঘঠনে নিতে পারিনি। জামায়াতে ইসলামী যতদিন পর্যন্ত ইসলামী দল হিসেবে নিজেদেরকে পরিষ্কার করতে না পারবে ততদিন পর্যন্ত আমরাও তাদের ব্যাপারে এভাবে থাকবো।
মাওলানা আব্দুল আউয়াল আরও বলেন, উত্তর মাসদাইরে মারধরের শিকার মাদক বিক্রেতার মৃত্যু হয়। সেখানে আমাদের কিছু ভাই উপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে মামলা করে পেরেশানি করা হচ্ছে। হেফাজতের এ অনুষ্ঠান থেকে ডিসি, এসপি ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে ওলামায়ে কেরামদের যেন এ বিষয়ে হয়রানী করা না হয়। যদি মামলা প্রত্যাহার না করেন তাহলে আমরা বুঝবো আপনারা উপর দিয়ে মাদকের বিরুদ্ধে কথা বলেন আর মাদককে সহযোগীতা করছেন। এজন্য জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছি। যদি মামলা প্রত্যাহার করা না হয় তাহলে কঠোর প্রতিবাদ সহ কঠোর আন্দোলন হতে পারে। তাই ডিসি ও এসপি'র কাছে আমাদের অনুরোধ থাকবে অত্র মামলাটির প্রতি বিশেষ নজর রাখুন ও তাদের অব্যহতি প্রদান করুন।
এর পূর্বে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর উভয় কমিটির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন নেতৃবৃন্দ।