বিভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান


Jahid প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন / ০ Views
বিভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আলী আহাম্মদ চুনকা পাঠাগারে নাসিক সাবেক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভার সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাকিদ মোস্তাকিম শিপলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেসকল কৃতি শিক্ষার্থী জিপিএ-৫ এবং গোল্ডেন জিপিএ পেয়েছ, তাদেরকে সম্মানিত করা হচ্ছে। এটা আসলে তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। যে মেধার স্বাক্ষর তোমরা রেখেছ, তারই স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনা। এখানে উপস্থিত সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন।
তিনি বলেন, শিক্ষার প্রাথমিক পাঠ কিন্তু পরিবার থেকেই শুরু হয়। পরিবার যেভাবে সন্তানকে গড়ে তোলে, সেভাবেই সে স্কুল জীবনে তার শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যায়। আর দ্বিতীয় পর্যায়ে আমাদের শিক্ষকেরা সেই শিক্ষাকে পূর্ণতা দান করেন। আপনারা যারা আজ এসএসসি পাস করেছেন, এটি আপনাদের জীবন গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। যেভাবে আপনারা জিপিএ-৫ পেয়েছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে ঢাকা মেডিকেল, বুয়েট কিংবা দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবেন। আপনার মেধাই আপনাকে বহুদূর টেনে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, তোমরাই একদিন এই দেশের বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হবে। এই অর্জনের জন্য উচ্চমাধ্যমিক পর্যন্ত আপনাদের কঠিন পরিশ্রম করতে হবে। আমি চাই নারায়ণগঞ্জের তরুণ-তরুণীরা বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) দেশের বিভিন্ন বড় বড় ক্ষেত্রে নেতৃত্ব দিক। কিন্তু আজকের বাস্তবতা হলো আমাদের মেয়েদের পাসের হার এবং মেধার সাফল্য ছেলেদের চেয়েও এগিয়ে। তারা জিপিএ-৫ বেশি পাচ্ছে, ভালো ফলাফল করছে। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণাতে উঠে এসেছে কাজের ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই, বরং অনেক ক্ষেত্রে এগিয়ে। সংসারের দায়িত্ব সামলে, পরিবার গুছিয়ে রেখে তারা তাদের কর্মক্ষেত্র সফলতার সাথে পরিচালনা করছে। অতএব, নারীদের পিছিয়ে থাকার আর কোনো সুযোগ নেই। নারীদের সময় এসেছে দেশকে নেতৃত্ব দেওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশে নারীরা আজ সফলভাবে নেতৃত্ব দিচ্ছে। আমাদের দেশেও অতীতে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী দেশের হাল ধরেছেন এবং দেশকে সুন্দরভাবে গড়ে তুলেছেন। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই একদিন জাতীয় সংসদ সদস্য হবে, মন্ত্রী হবে, মেয়র হবে, সচিব হবে কিংবা দেশের প্রথম সারির নাগরিক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, এড. সরকার হুমায়ুন কবীর, আনোয়ার হোসেন, মর্গান গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা নুসরাত রেবেকা, ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাব্বীর আহমেদ শহীদ, যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতি প্রমুখ।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা (২০২৬) উৎসবমুখর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া চর্চা ও শৃঙ্খলাবোধ তৈরি করবে। একটি সুষ্ঠু, উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মাধ্যমে সদর উপজেলা থেকে সেরা দল বাছাই করা হবে। শিক্ষক ও ক্রীড়া সংগঠকদের খেলোয়াড়দের নিবন্ধন, মাঠ প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতার আহ্বান জানান ইউএনও।
সভায় জানানো হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে বালক গ্রুপে ৭২টি এবং বালিকা গ্রুপে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
গ্রুপ পর্যায়ের খেলাগুলো উপজেলার ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ওসমানী পৌর স্টেডিয়ামে।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর দেশব্যাপী পর্দা উঠবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতার।