

খবর নারায়ণগঞ্জ.কম: ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি শনিবারের ন্যায় আজ শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার বিভিন্ন স্থানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন কর্মসূচি পরিচালিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির সদর উপজেলায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অভিযানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন সবার সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। বাড়ির আশপাশ, ড্রেন, নালা ও খালে জমে থাকা পানি অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল নিয়মিত ধ্বংস করতে হবে। পরিচ্ছন্নতা অভিযানকে অভ্যাসে পরিণত করতে হবে।”
এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে বাড়ির আশপাশ, ড্রেন, নালা, খাল ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। শুধু প্রশাসনিক উদ্যোগে এ ধরনের রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত সচেতনতা।
উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আপনার মতামত লিখুন :